রোহিঙ্গাদের জন্য ইইউ’র বাড়তি ৪৭ কোটি টাকার তহবিল

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০০:১৪

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও ৫ মিলিয়ন ডলারের বাড়তি তহবিল পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৭ কোটি টাকারও বেশি। মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী খাদ্য সহায়তায় এ অর্থ ব্যয় হবে। এর আগে রোহিঙ্গাদের জন্য ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছিল ইইউ। 

গত সোমবার ইউরোপিয়ান কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হয়, ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ। নতুন তহবিলের মধ্য দিয়ে এটি আবারও পরিষ্কার হয়েছে। খাদ্য সহায়তা অবশ্যই জরুরি। এই সংকটে আমরা রোহিঙ্গা এবং তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের পাশে রয়েছি।

ইউরোপিয়ান কমিশনের মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডস বলেন, বাংলাদেশের কক্সবাজার জেলায় লাখ লাখ রোহিঙ্গা বেঁচে থাকার জন্য মানবিক সাহায্যের উপর পুরোপুরি নির্ভরশীল। ইইউ’র বাড়তি তহবিল তাদের জরুরি খাদ্য সহায়তা দেবে। এই তহবিল শরণার্থী শিবিরজুড়ে খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের অস্থায়ী আবাসন নিশ্চিত করবে। তাদের আশ্রয়দাতা বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়েরও সুবিধা নিশ্চিত করা হবে।