নাটক ‘মানুষ’

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৮:৩৮

জান্নাতুল ফেরদৌস

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ নাট্য প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছে প্রত্নতত্ত্ব বিভাগের মঞ্চায়িত নাটক ‘মানুষ’। গত ২ অক্টোবর থিয়েটার কুবির আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতা ২০১৯-এর চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি শামিমুল ইসলাম, ভারপ্রাপ্ত সহ-সভাপতি আতিকুর রহমান, ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ মনিরুল ইসলাম বকসি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

মানুষ নাটকের বিষয়বস্তু ছিল সমাজে তৃতীয় লিঙ্গের মানুষদের অবস্থান। সমাজের অংশ হয়েও তারা বিভিন্নভাবে পরিবার ও সমাজের কাছে অবহেলিত, উপেক্ষিত। কিন্তু তাদেরও অধিকার আছে সমাজে মানুষের মর্যাদা নিয়ে বাঁচার।

মুশফিকুর রহমানের নির্দেশনায় মানুষ নাটকে অভিনয় করেন স্বাধীন, শাহরিয়ার, তানিয়া, সজল, ওয়াকিল, আশরাফুল, আরিফ, দিদান, মুজিবর, শাকিল, ওয়াশিম, হাকিম ও তাসনিয়া।

চূড়ান্ত পর্বে বিচারকার্য পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন জ জি এম মনিরুজ্জামান, সাংস্কৃতিক প্রতিনিধি এনামুল হক, থিয়েটার কুবির উপদেষ্টা নাহিদা বেগম, থিয়েটার সাস্টয়ের সাবেক নাট্যকর্মী ও স্ক্রিপ্ট রাইটার প্রভাষক কপিল ভট্টাচার্য।

অভিনয়, স্ক্রিপ্ট, মঞ্চসজ্জা, প্রপস-কস্টিউম, শব্দ সম্পাদনা, সময় জ্ঞান, দর্শক প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে নম্বর প্রদান করেন বিচারকরা। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে মার্কেটিং বিভাগের নাটক ‘কান নিয়ে গেল চিলে’ এবং নৃবিজ্ঞান বিভাগের নাটক ‘ঘর’। নাট্য প্রতিযোগিতায় বিশ্ববিদালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।