মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইম ২০১৮ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে সাংবাদিক জামাল খাশোগিকে বেছে নিয়েছে। তার সঙ্গে আছে আরো তিন সাংবাদিক এবং একটি মার্কিন পত্রিকা। মিয়ানমারে জেলে থাকা বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক, ফিলিপাইনের এক সাংবাদিক এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাপিটাল গেজেট এই তালিকায় আছে। খবর আল জাজিরা’র
বর্ষসেরা ব্যক্তিত্বদের ছবি দিয়ে প্রকাশিত টাইম’র এবারের সংখ্যার প্রচ্ছদের শিরোনাম করা হয়েছে ‘দ্য গার্ডিয়ানস অ্যান্ড দ্য ওয়ার অন ট্রুথ’। জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কে সৌদি আরবের কনস্যুলেটে খুন হন। তাকে হত্যার কথা স্বীকার করলেও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছে সৌদি আরব। খাশোগিকে মনোনীত করার কারণ হিসেবে মঙ্গলবার টাইম বলেছে, তিনি ছিলেন একজন স্পষ্ট বক্তা এবং সৌদি যুবরাজের কট্টর সমালোচক। সত্যের জন্য কাজ করেছেন তিনি। খাসোগির পাশাপাশি ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা, রোহিঙ্গা সংকটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিয়ানমারে কারাবন্দী রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কাও সো উকে এবং গত জুনে মেরিল্যান্ডের অ্যানাপোলিসে গুলিতে নিহত ক্যাপিটাল গেজেটের পাঁচজনকে সম্মানিত করেছে টাইম।
