ফ্রান্সে বিক্ষোভ দমনে ন্যুনতম মজুরি বৃদ্ধির অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রঁ এই ঘোষণা দেন। গত প্রায় চার সপ্তাহ ধরে জ্বালানি কর বৃদ্ধির প্রতিবাদে ও শিক্ষা সংস্কারের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছিল। খবর ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টের
ফরাসি প্রেসিডেন্ট বলেন, সামপ্রতিক বিক্ষোভের যৌক্তিক কারণ আছে। তবে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, আমরা সামাজিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে শক্ত পদক্ষেপ নিচ্ছি। কিন্তু বিক্ষোভের কারণে আমরা সেই সিদ্ধান্তে কাটছাট করছি। জ্বালানি কর বৃদ্ধি স্থগিত করা এবং ন্যুনতম মজুরি বাড়ানো হবে বলে তিনি জানান। তবে এর মাধ্যমে সরকার ইউ টার্ন নিচ্ছে এমনটি ভাবার কারণ নেই বলে উল্লেখ করেন ম্যাক্রঁ। ওভারটাইমের ওপর কোনো কর আরোপ করা হবে না বলেও জানান প্রেসিডেন্ট। তিনি অবসরপ্রাপ্তদের আয়েও কর আরোপ না করার অঙ্গীকার করেন। সরকারি কর্মচারীদের করমুক্ত বোনাস দেওয়া হবে বলে জানান ম্যাক্রঁ। তিনি ধনীদের ওপর পুনরায় কর বাড়াতে অস্বীকার করেন। এর মাধ্যমে দেশ দুর্বল হয়ে পড়বে বলে জানান প্রেসিডেন্ট ম্যাক্রঁ।
সোমবার প্রেসিডেন্ট ম্যাক্রঁ ব্যবসায়ী নেতা এবং ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন। গত চার সপ্তাহে প্রায় আড়াই হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার কিংবা আটক হয়েছে। চার সপ্তাহের বিক্ষোভে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে ফ্রান্স। ইতোমধ্যে দেশটির অর্থমন্ত্রী ব্রুনো লে মেরি বলেন, এই বিক্ষোভ আমাদের বাণিজ্য এবং অর্থনীতির জন্য দুর্যোগ বয়ে আনবে। জ্বালানি কর বৃদ্ধির প্রতিবাদে গত ১৭ নভেম্বর থেকে চলছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় সহিংস বিক্ষোভ। সহিংসতায় তিনজন প্রাণ হারিয়েছে।
