থামল যুবাদের জয়রথ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:১৮

স্পোর্টস রিপোর্টার

টানা তিন ম্যাচ জয়ের পর অবশেষে হারের মুখ দেখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ডের লিংকনে সিরিজের চতুর্থ ওয়ানডেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তাদের চার উইকেটে হারিয়েছে ব্ল্যাক ক্যাপদের অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশের দেওয়া ২৯৬ রানের বিশাল লক্ষ্যে পাঁচ বল বাকি থাকতেই পৌঁছে যায় নিউজিল্যান্ড। এই পরাজয়ে স্বাগতিকদের আর হোয়াইটওয়াশ করা হলো না আকবর আলীর দলের। গেল রবিবার তৃতীয় ওয়ানডেতে আট উইকেটের বড়ো জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজের তিন ম্যাচ হাতে থাকতেই সিরিজ জিতে যায় সফরকারীরা।

এর আগে প্রথম দুই ওয়ানডের দুইটাতেই বাংলাদেশের জয়ের ব্যবধানে ছিল ছয় উইকেটের। আগামী রবিবার, ১৩ অক্টোবর একই ভেন্যুতে পঞ্চম ও শেষ যুব ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ড সফর শেষ হবে বাংলাদেশের।

টসে হেরে ব্যাট করতে নেমে গতকাল হাফ সেঞ্চুরি পেয়েছেন চার জন বাংলাদেশি। দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন যথাক্রমে ৫১ ও ৫৫ রানের ইনিংস খেলেন। এরপর মিডল অর্ডারে তৌহিদ হূদয় করেন সর্বোচ্চ ৭৩ রান। এছাড়া অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ৬৬ রান। স্বাগতিকদের জয়ে ডেভিড হ্যানকক তিনটি ও জেসে ট্যাশকফ দুটি উইকেট নেন।

জবাব দিতে নেমে তিন নম্বরে নামা ফার্গাস লেলম্যান সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়া বোলিংয়ের পর ব্যাটিংয়েও সাফল্য পেয়েছেন ট্যাশকফ। তিনি করেন ৬৬ রান। শেষ অবধি অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ওপেনার ওলে হোয়াইট ৪৫ ও উইলিয়াম ক্লার্ক ৩৪ রান করেন। শেষের দিকে আদিত্য অশোকের ২১ বলে ২৪ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন আসাদুল্লাহ গালিব।

সংক্ষিপ্ত স্কোর

টস: নিউজিল্যান্ড

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

৫০ ওভারে ২৯৫/৮ (তানজিদ ৫১, পারভেজ ৫৫, মাহমুদুল ১৩, শাহাদাত ১২, হূদয় ৭৩, আকবর ৬৬, শামিম ০, অভিষেক ১৩*, শরিফুল ০, মুরাদ ১*; হ্যানকক ৯-০-৭৩-৩, ট্যাশকফ ১০-০-৩৯-২, অশোক ৬-০-৩৪-১, ম্যাকেঞ্জি ৯-১-৪৫-১, ফিল্ড ৯-১-৬৩-১)

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল

৪৯.১ ওভারে ২৯৬/৪ (হোয়াইট ৪, ভিশভাকা ৮, লেম্যান ৭৬, ক্লার্ক ৩৪, ট্যাশসফ ৬৬*, ম্যাকেঞ্জি ১৩, পোমার ১০, অশোক ২৪*; শরিফুল ১০-২-৪১-১, অভিষেক ১০-২-৪৮-১, শামিম ৬.১-০-৪৩-০, গালিব ৯-০-৭৮-৩, হূদয় ৪-০-২৯-০, মুরাদ ১০-০-৫১-০।

ফলাফল: নিউজিল্যান্ড চার উইকেটে জয়ী

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে বাংলাদেশ এগিয়ে।