জনবল সংকটে সিলেটের স্বাস্থ্য খাত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:২৪

চিকিত্সাসেবা ব্যাহত

হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস

জনবল সংকটে সিলেট স্বাস্থ্য বিভাগ। ডাক্তার, নার্স, যন্ত্রপাতি, অ্যাম্বুলেন্স সংকটে গোটা বিভাগের স্বাস্থ্যচিত্র হতশ্রী। সুনামগঞ্জ জেলায় স্বাস্থ্য বিভাগে অনিয়মের অভিযোগে সাধারণ নাগরিকরা মানববন্ধনও করেছেন। সিলেট বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড়েছে ভবন ও শয্যা। কিন্তু সেবার দেখা মিলছে না।

জানা গেছে, বিভাগের স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় চিকিত্সক, রোগনির্ণয় যন্ত্রপাতি এবং জনবলের অভাবে রোগীরা পর্যাপ্ত  সেবা পাচ্ছেন না। এগুলো ৩১ শয্যার জনবল দিয়ে চালানো হচ্ছে। বেশির ভাগ উপজেলার ৫০ শয্যায় উন্নীতের নামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কেবল ভবনই তৈরি হচ্ছে।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে মাত্র ৩০ শতাংশ চিকিত্সক, ডায়াগনস্টিক যন্ত্রপাতি ৩৫ শতাংশ ও অন্যান্য পদে জনবল (দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী) রয়েছে ৩০ শতাংশ। যার ফলে চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট বিভাগে ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ১২টি, ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ২২টি। সারা বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিত্সকের পদ রয়েছে ৯১০ জন। কিন্তু কর্মরত আছেন মাত্র ৪৮০ জন চিকিত্সক। সিনিয়র স্টাফ নার্স প্রয়োজন ১ হাজার ৩২৩ জন। কর্মরত আছেন ১ হাজার ১৪৭ জন। নার্সিং সুপারভাইজার প্রয়োজন ৪৬ জন। কর্মরত আছেন ২৩ জন। স্টাফ নার্স প্রয়োজন ৫৬ জন, কর্মরত আছেন ২৭ জন। মিডওয়েফারী প্রয়োজন ১৭৪ জন। কর্মরত আছেন ৯৫ জন। মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) প্রয়োজন ৯০ জন। কর্মরত আছেন ২২ জন। রেডিওগ্রাফি (এক্সরে) টেকনোলজিস্ট প্রয়োজন ৩৪ জন, কর্মরত আছেন ১০ জন। ফার্মাসিস্ট প্রয়োজন ১৭০ জন, কর্মরত আছেন ২৯ জন।

সিলেটের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. দেবপদ রায় বলেন, চিকিত্সক সংকট এ বছরই কেটে যাবে। নার্সিং স্টাফ অনেকটা পর্যাপ্ত। তবে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংকট আছে। নিয়োগ নেই। চতুর্থ শ্রেণির পদও পূরণ হচ্ছে না। 

তিনি বলেন, বড়ো সংকট  মেডিক্যাল      ল্যাব টেকনোলজি, রেডিওগ্রাফি (এক্সরে) টেকনোলজিস্ট, প্যাথলজিস্ট পদ নিয়ে। এই পদগুলোতে জনবল নেই বললেই চলে। এই পদগুলোতে নিয়োগের জন্য এরই মধ্যে সুপারিশ করা হয়েছে।