কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী, কুমিল্লা পদ্ধতির উদ্ভাবক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ বিজ্ঞানী ড. আখতার হামিদ খানের ২০তম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আমীর আলী চৌধুরী। তিনি আখতার হামিদ খানের জীবনদর্শনের উপর আলোকপাত করেন। বার্ডের জ্যেষ্ঠতম পরিচালক ড. কামরুল আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বার্ডের পরিচালক (প্রশাসন) ড. মো. শফিকুল ইসলাম। সভায় বার্ডের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ ড. আখতার হামিদ খানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। এছাড়াও ড. আখতার হামিদ খানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হযরত বড়পীর (র.) জামে মসজিদে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
