রামগতিতে পাঁচ জেলের জরিমানা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:২৫

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে লক্ষ্মীপুরের রামগতিতে পাঁচ জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে বয়ারচরের টাংকির খাল মাছঘাট এলাকার মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় কারেন্টজালসহ ইঞ্জিনচালিত দুইটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযানে সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন, বড়খেরী নৌ-পুলিশফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

আটক জেলেরা হচ্ছেন, নোয়াখালীর সুবর্নচর উপজেলার চর পানাউল্যা এলাকার মো. আলী হোসেন (৩৫), মো. আবুল হোসেন (৬০), মো. আজাদ (৩৩), মো. সফিউল্যাহ (১৮) এবং উপজেলার চর কলাকোপা এলাকার মো. তোফাজ্জল হোসেন (৫০)।

উল্লেখ্য, প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের জন্য ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।