হবিগঞ্জে শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:২৬

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে শিশু খুনের মামলায় দোষী সাব্যস্ত করে আদালত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত যুবক ঐ উপজেলা ধর্মপুর গ্রামের আব্দুল হাইয়ের পালিত পুত্র রায়হান মিয়া ওরফে জাবেদ রায়হান (৩১)। বুধবার মামলার রায় প্রকাশকালে আসামি আদালতে উপস্থিত ছিল। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রায়হান লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুল হাইয়ের পালক পুত্র হিসেবে বসবাস করে আসছিল। ২০০৩ সালের ৮ আগস্ট সে একই গ্রামের শরীফ মিয়ার ছেলে রুবেলকে (৯) মাছ ধরার কথা বলে হাওরে নিয়ে হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয়। ঘটনার তিন দিন পর তার মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। রুবেলের পিতা বাদী হয়ে রায়হানকে একমাত্র আসামি করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৫ সালের ৫ অক্টোবর লাখাই থানার পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা আদালত উল্লেখিত রায় ঘোষণা করেন।