বিদেশযাত্রার প্রস্তুতিকালে নারীসহ ১১ রোহিঙ্গা আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:২৬

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাবার প্রস্তুতিকালে ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে চার জন নারী রয়েছে। এসব নারীরা বিয়ের প্রলোভন ও চাকরির আশায় মালয়েশিয়া যাবার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

আটক রোহিঙ্গারা হলো, উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রাফিউল কাদের, ইলিয়াস রিয়াজ, মো. আইয়ুব, আমির হাকিম, মো. ইলিয়াস, ইব্রাহিম, জানে আলম, আরেছা বিবি, তসলিমা, হারিদুর ইয়াসমিনা, জাহেরা।

বুধবার দুপুরে আটক রোহিঙ্গাদের স্ব স্ব রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আনোয়ার হোসেন। তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া এলাকা দিয়ে কিছু রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া যাবার আশায় জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় চার নারীসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরিদর্শক আনোয়ার জানান, আটক রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, রোহিঙ্গা শিবিরে আবারও দালাল চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বেশির ভাগ ক্ষেত্রে নারীদের প্রলোভন দেখিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা চালাচ্ছে তারা। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঐ চক্রকে গ্রেফতার ও প্রতিহত করার চেষ্টা অব্যাহত রেখেছে।