লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহনে জলদস্যুদের হামলায় অন্তত ১৫ জেলে আহত হয়েছে। মঙ্গলবার রাতে লালমোহনের বেতুয়া আয়শাবাদ এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। পরে আহত জেলেদের উদ্ধার করে প্রথমে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে জুবায়ের (২০), মিজান (৩০), নাজিম (১৮) এবং মহিউদ্দিন নামের চার জেলেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মেঘনার বেতুয়া এলাকা থেকে জালটেনে ট্রলার নিয়ে তীরে ফেরার পথে দুটি ট্রলার দিয়ে ৮-১০ জন জলদস্যু তাদের ট্রলারটিকে ধাওয়া করে এবং পাথর নিক্ষেপ করতে থাকে। এতে তারা আহত হন।
চিকিত্সাধীন মিজান ও মহিউদ্দিনসহ অন্যরা জানান, পার্শ্ববর্তী আসলামপুর এলাকার বারেক মাঝি ও খলিল মাঝির ট্রলার নিয়ে জলদস্যুরা ধাওয়া করে আমাদের জাল ও ট্রলার ছিনতাই করার চেষ্টা করে।
স্থানীয় লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান সৈয়দ আবুল কাশেম মিয়া বলেন, আমি সংবাদ পেয়ে জেলেদেরকে চিকিত্সার ব্যবস্থা করেছি। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।
