লালপুরে স্ত্রীর লাশ উদ্ধার স্বামী আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:২৭

লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের লালপুর উপজেলার চংধুপইল থেকে সাবিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। নিহত সাবিনা বেগম ঐ এলাকার সাহিনুর রহমানের স্ত্রী ও আনসার সদস্য ছিলেন।

বুধবার সকালে চংধুপইল গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের লাশটি উদ্ধার করে লালপুর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবিনা মঙ্গলবার রাতে পূজার ডিউটি শেষে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। পরে সকালে তার নিজ বাড়ি থেকে সাবিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের স্বামী সাহিনুরকে আটক করা হয়। এ ব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাহিনুরকে আটক করে থানায় আনা হয়েছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’