কোটচাঁদপুরে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:২৯

উপজেলা পরিষদ নির্বাচন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক। বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছে। জেলার সংসদ সদস্যরা আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিএনপি সমর্থকদের বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে ধানের শিষ প্রতীকের প্রধান সমন্বয়ক সাবেক পৌর মেয়র ও বিএনপির পৌর সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তিনি কোটচাঁদপুরে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা না দেওয়ার পরিবেশ সৃষ্টির দাবি জানান। এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. রোকুনুজ্জামান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে।