পর্যটন সম্ভাবনাবিষয়ক মতবিনিময় সভা
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগর উপজেলার পর্যটন সম্ভাবনা বিষয়ে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বাণিজ্যিক পরিচালক মো. আব্দুস সামাদ। বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মোকাই আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন প্রমুখ।
খালিয়াজুরীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা খালিয়াজুরী উন্নয়নের লক্ষ্যে বুধবার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম, ওসি এ টি এম মাহামুদুল হক প্রমুখ।
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাগেরহাট শিশু একাডেমির আয়োজনে বুধবার সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। পরে সাংস্কৃতিক ফাউন্ডেশনের সেমিনার কক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসাদুর রহমান।
যুবসমাজের ক্ষমতায়ন ও করণীয়
শীর্ষক মতবিনিময় সভা
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নিয়ামতপুরে বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর উদ্যোগে যুব সমাজের ক্ষমতায়ন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিডিও-এর নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিডিওর পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা। প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে আলোচনা করেন বিডিওর নির্বাহী পরিচালক আকতার হোসেন।
খোকসায় তাঁত উপকরণ বিতরণ
খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা উপজেলায় দরিদ্র তাঁতীদের মধ্যে বিনা মূল্যে তাঁত উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে তাঁত উপকরণ বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে প্রগতি সংঘের সহযোগিতায় উপজেলার গোপগ্রাম ইউনিয়নের বিহারিয়া গ্রামের ২৩ জন দরিদ্র তাঁতী নিয়ে আলোচনা সভা হয়। প্রগতি সংঘের প্রধান সংগঠক আব্দুস সজীব খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যুথি।
কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা বকশীগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুজ্জমান মতিন। উদ্বোধন করেন জেলা কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম। সম্মেলনে নুরুল আমিন আকন্দকে সভাপতি, ওবাইদুল ইসলাম সাধারণ সম্পাদক ও জহুরুল হককে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
রাস্তা ও ফুটপাত প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের (মির্জাপুর শহর অংশ-এন-৪০৩ জাতীয় মহাসড়ক ফুটপাত প্রশস্তকরণ) দেওহাটা থেকে পুষ্টকামুরী চরপাড়া মোড় পর্যন্ত রাস্তা ও ফুটপাত প্রশস্তকরণ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার মির্জাপুর বাজারের পুরাতন রোড চত্বরে নির্মাণকাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি। সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম এহসান।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা উপজেলায় ঢাকার কান্দি ইউনিয়ন যুব সংঘের রজতজয়ন্তী উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গরিব রোগীদের চিকিত্সাসেবা প্রদান করা হয়েছে। ঢাকার কান্দি ইউনিয়ন যুব সংঘের আয়োজনে বুধবার উপজেলার তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী চলা এ মেডিক্যাল ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিত্সকরা রোগী দেখেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন্ত হালদার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন।
ঘিওরে প্রবীণদের মিলনমেলা
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা ‘বয়সের সমতার পথে যাত্রা’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ ঘিওরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় এসডিআই প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বণার্ঢ্য র্যালি ও আলোচনা সভা, ভাতা প্রদান এবং প্রবীণ মেলার আয়োজন করা হয়। বুধবার দুপুরে এসডিআই বানিয়াজুরি ইউনিয়নের শাখা কার্যালয়ে এ প্রবীণ দিবস পালিত হয়। বানিয়াজুরি ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এসডিআই নির্বাহী পরিচালক সামছুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এসডিআই উপনির্বাহী পরিচালক সোহেলীয়া নাজনীন হক, প্রবীণ জীবনমান উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার নার্গিস আক্তার, জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মিলন মিয়া, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. শহীদ উল্লাহ। পরে ১০০ জন প্রবীণদের মধ্যে ভাতা প্রদান করা হয়।
বরিশালে বিশ্ব শিশু দিবস পালিত
বরিশাল অফিস ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ স্লোগানটিকে সামনে রেখে বরিশালে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল বুধবার নগরীর অশ্বিনী কুমার হলে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ আয়োজনে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, প্রবীণ সাংবাদিক ও সংস্কৃতিজন এস এম ইকবাল, সৈয়দ দুলাল প্রমুখ।
ভারত-বাংলাদেশ নৌরুট রাসিকে আলোচনা
স্টাফ রিপোর্টার, রাজশাহী শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ভারত-বাংলাদেশ নৌরুট চালুসহ রাজশাহীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান ও বিজিএমইএ-এর সভাপতি রুবানা হকের সঙ্গে বৈঠক করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ভারত-বাংলাদেশ নৌরুট চালু, সিল্ক ও রেশমশিল্পের উন্নয়ন নিয়ে সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় বিজিএমইএ অতিরিক্ত সচিব (ট্রেড প্রমোশন) নূর মোহাম্মদ আমিন রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তাদের টেকনিক্যাল কর্মশালা
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তাদের টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জোনের আয়োজনে বুধবার বিকেলে রংপুর পর্যটন মোটেলে কর্মশালা অনুষ্ঠিত হয়। ড্রইং, ডিজাইন, নির্মাণসামগ্রী সম্পর্কিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. জয়নাল আবেদীন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জোনের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর জোনের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল করিম ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুড়িগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী।
