ইত্তেফাক রিপোর্ট
বৈধ ভিসায় ভারতে ভ্রমণকারী কোনো বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে, তাকে ভারতীয় হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তার প্রাথমিক ভিসাকে মেডিক্যাল ভিসায় রূপান্তর করার প্রয়োজন হবে না। এছাড়া কোনো বিদেশি নাগরিক ভারতে প্রবেশের আগে থেকেই আক্রান্ত এমন রোগের (অঙ্গ প্রতিস্থাপন ছাড়া) ইনডোর মেডিক্যাল ট্রিটমেন্ট প্রাথমিক ভিসাতেই করতে পারবেন। গতকাল বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস নোটে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ট্যুরিস্ট কিংবা অন্য ভিসায় ভারতে প্রাথমিক চিকিত্সার অনুমতি থাকলেও হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা করানোর অনুমতি ছিল না। নতুন এ নিয়মে ভারতে চিকিত্সা নেওয়া বাংলাদেশিদের জন্য আরো সহজ হবে।
