ক্যাসিনো ব্যবসায় জড়িতদের সম্পদের তদন্তে প্রয়োজনে সিঙ্গাপুর যাবে দুদক টিম --------------দুদক চেয়ারম্যান

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িতদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম প্রয়োজনে সিঙ্গাপুর গিয়ে অনুসন্ধান করবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খানের অর্থপাচার সংক্রান্ত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় দুদক চেয়ারম্যান আরো বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছি। ক্যাসিনো ব্যবসায় জড়িতদের প্রতিটি তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অনুসন্ধান শেষে মামলা হবে। সেই মামলার তদন্তে প্রয়োজনে সিঙ্গাপুর যেতে হলেও দুদক যাবে। তবে ক্যাসিনো ব্যবসায় কারা কারা জড়িত তদন্তের স্বার্থে সে নামগুলো এখনই প্রকাশ করতে চাই না।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদকের মামলায় সাজার হার শতভাগ হওয়া উচিত। কিন্তু অনেকেই আইন না জানার কারণে তা হয় না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসিক ব্যাংকের ৬২ মামলার চার্জশিট দিতে আরো সময় লাগবে। দুদক কাজ করছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত মামলার চাজর্শিট দেওয়া যায়।