ময়মনসিংহে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২২:১৯

ময়মনসিংহে শাওন ভট্টাচার্য (২০) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে নগরীর গোলপুকুরপাড় মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় মন্দিরের বাইরে কথাকাটাকাটির একপর্যায়ে শাওন ভট্টাচার্যকে ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত জখম অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক শাওনকে মৃত ঘোষণা করেন। শাওন হত্যার মোটিভ এখনো জানা যায়নি বলেও জানান ওসি।

ময়মনসিংহের ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসান জানান, শাওন শহরের ব্রাহ্মপল্লী এলাকার শুভাশিস ভট্টাচার্যের ছেলে। তিনি ময়মনসিংহ কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা একটি ওষুধ কোম্পানিতে কর্মরত।

ঘটনার পরপরই ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান এবং জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন। তিনি সাংবাদিকদের জানান, হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে নেমেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পাঁচ যুবককে আটক করা হয়েছে।