ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার কাচারীমোড়ের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এরা হলেন—ঐ গ্রামের পূর্বপাড়া মহল্লার শাহ্ আলম মিয়ার ছেলে বায়জীদ মিয়া (১৮) ও একই মহল্লার খলিল মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (২০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত রায় জানান, বায়জীদ ও আলমগীর শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার কাচারীমোড়ের একটি চায়ের দোকানে কাজ করতেন। মঙ্গলবার রাতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেখে দোকানে এসে ঘুমিয়ে পড়েন তারা। রাত ৩টার দিকে দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বায়জীদ ও আলমগীর মারা যান। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
