সাভারে অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে এক জনের মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০০:৩২

সাভারে অগ্নিনির্বাপক সিলিন্ডার (ফায়ার এক্সটিংগুইসার) বিস্ফোরণে মো. আনিস হোসেন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাইপাইল বগাবাড়ি এলাকার এইচ আর ফায়ার ফাইটিং নামক দোকানে এঘটনা ঘটে।

নিহত আনিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। তিনি এইচ আর ফায়ার ফাইটিং নামক দোকানের কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে বগাবাড়ির এলাকার ঐ দোকানে একটি অগ্নিনির্বাপক সিলিন্ডারের লিকেজ বোতল মেরামতের কাজ করছিলেন আনিস। এক পর্যায়ে তিনি লিকেজ বোতলটির মুখ বন্ধ করতে গেলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আনিস গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।