দুই আইনজীবীকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০০:৪৩

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের পক্ষে আদালতে দাঁড়ানোর ঘটনায় বিএনপি থেকে বহিষ্কার হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী। এছাড়া নোয়াখালীর সুবর্ণ চরে গৃহবধূ গণধর্ষণের প্রধান আসামি রুহুল আমিনের পক্ষের আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আশেক এ রাসুলকে বহিষ্কার করেছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক প্রেসবিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়।

সংগঠনবিরোধী তত্পরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীর কোনো সম্পর্ক থাকবে না। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি মুজাহিদুলের পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন ঢাকা আইনজীবী সমিতির সংস্কৃতি সম্পাদিকা শিল্পী। মঙ্গলবার ঢাকার দায়রা জজ আদালতে আবরার হত্যা মামলায় জড়িত ১০ ছাত্রলীগ নেতার শুনানি থেকে সাংবাদিকদের শিল্পী বলেন, আমার ক্লায়েন্ট সহজ সরল একজন ছেলে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। এ সময় তিনি আবরারের শরীরের দাগগুলো চর্ম রোগের কি না সেটাও যাচাই করার দাবি করেন।