অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল বলেছেন, মুক্তিযোদ্ধা ও জননেতা আতাউর রহমান কায়সার ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তিনি জ্ঞানী, নির্মোহ, ত্যাগী নেতা ছিলেন। তিনি মানুষের কল্যাণে জীবন উত্সর্গ করেছেন। চট্টগ্রামের মানুষ তাকে এখনো ভালোবাসেন। তিনি বলেন, আমরা জাতির পিতার স্বপ্ন, অর্থনৈতিক মুক্তির কাজটি করার জন্য বেঁচে আছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী অনুপ্রাণিত করছেন আমাদের।
তিনি গতকাল বুধবার বিকালে নগরীর ষোলশহর এলজিইডি ভবন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের ৯ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন আতাউর রহমান খান কায়সারের কন্যা ওয়াসিকা আয়েশা খান এমপি, নগর আওয়ামী লীগের সহসভাপতি নইমউদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, উত্তর জেলা সাধারণ সম্পাদক এম এ সালাম, যুগ্ম-সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা সহসভাপতি মো. ইদ্রিস, উত্তর জেলার যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
