দুই বন্ধু

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:৩২

রোকন-রাকেশ বন্ধু ওরা, এক পাড়াতে থাকে

সুযোগ পেলে ঘুরতে বেরোয় উছল নদীর বাঁকে

পাহাড়ে যায়, ঝরনা নাচে—কী যে অবাক ছন্দ!

বাতাস বেয়ে আসতে থাকে মিষ্টি-মধুর গন্ধ

ঝোপের খোঁপায় ফুটে থাকে হাজার ফুলের হাসি 

‘বাদল-মেঘে মাদল বাজে’, বাজে পাতার বাঁশি

 

একদিন গেল গভীর বনে, রোদফলানো বেলা

গাছে গাছে সবুজ ছায়া আলোর নাচন-খেলা

হঠাত্ একটি বিকট ভালুক এল ভীষণ তেড়ে

ওরা দুজন ভয় পেল খুব—প্রাণ বুঝি নেয় কেড়ে!

ছুট লাগিয়ে একটি বন্ধু উঠে গেল গাছে

অন্য বন্ধু মড়ার মতো সটান শুয়ে আছে

ভালুক এসে শুঁকলো তাকে—শ্বাস-প্রশ্বাস বন্ধ

নতুন শিকার খুঁজতে হবে—কপাল আমার মন্দ!

 

ভালুক যখন চলে গেল বিপদ যখন থামল

গাছেচড়া বন্ধু তখন ধপাস করে নামল

খুব আদরে জানতে চাইল একটুখানি হেসে

:ভালুক তোমায় কী বলেছে কানের কাছে এসে?

:বিপদ এলে যে-বন্ধু একা পালায় ভয়ে—

বন্ধু সে নয়, থাকে শুধু বন্ধু পরিচয়ে

 

* লেভ তলস্তয়ের গল্পের ছায়া অবলম্বনে