হাত ঝুমঝুম কাচের চুড়ি
পায়ে রুপোর নূপুর
গামছা পরে বউ সেজে সে
নাচে ঝাপুরঝুপুর।
রাঙা দু ঠোঁট কথার বাঁশি
পাগলকরা মুখের হাসি
খায় চকোলেট ইগলু মালাই
চুষে চাপুরচুপুর।
এ ঘর ও ঘর ছুটে বেড়ায়
সকাল কি বা দুপুর
তার মধুময় বুলিতে মন
জুড়ায় খালা-ফুপুর।
বাবা-মায়ের চোখের মণি
বুকের মানিক সোনার খনি
সারাবাড়ির আদুরে ধন
ছোট্ট মেয়ে টুপুর।
