ইউটিউব চ্যানেলই মূলত এখন নিজের শব্দ সুরের শিল্প নিয়ে ব্যস্ত রয়েছেন আধুনিক গানের সবচেয়ে মেধাবী সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। সর্বশেষ ন্যান্সির সঙ্গে নিজের জনপ্রিয় দ্বৈত গান ‘ঝরা পাতা’র নতুন একটি পিয়ানো ভার্সন রিলিজ দিয়েছেন। বরাবরের মতো মুগ্ধতা ছড়িয়েছে এই গানটি। নতুন কাজের ভেতরে কণ্ঠশিল্পী সালমার একটি গান বাঁধছেন। অন্যদিকে খুব শিগগিরই ন্যান্সির সঙ্গে আরো একটি গান রিলিজ দেবেন হাবিব ওয়াহিদ। এদেশে রোমান্টিক দ্বৈত গানে রেকর্ডসংখ্যক হিট গান উপহার দিয়েছেন হাবিব-ন্যান্সি। তাই জনপ্রিয় ট্র্যাকগুলো নতুন ভার্সন রিলিজ দিচ্ছেন একে একে।
এই ধারাবাহিকতায় হাবিব-ন্যান্সির পিয়ানো ভার্সন গান হিসেবে রিলিজ পাবে ‘তুমি যে আমার ঠিকানা’।
হাবিব ওয়াহিদ প্রডাকশনের ব্যানারেই গানগুলো নির্মিত ও প্রকাশ পাচ্ছে। এ প্রসঙ্গে হাবিব বলেন, ‘আমার তো সারাজীবনের সম্পদ এই সুরের শহরটাই। তাই সেই শহরগুলোকেই একটু একটু করে গুছিয়ে নিজের চ্যানেলে গ্রন্থিত করতে চাই।’ নিজের চ্যানেলের গান ছাড়াও নিয়মিত জিঙ্গেলের কাজ করছেন। তবে চলচ্চিত্রের কাজ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘আপাতত ভালো কোয়ালিটির মুভি ছাড়া এবং এক অর্থে হাই ভোল্টেজ মুভি ছাড়া ফিল্মের কাজ করবো না।’
