মুক্তিপণের জন্য ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে অপহৃত কলেজছাত্র কবির হোসেনকে দুইদিন পর উদ্ধার করেছে র্যাব। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে মহিলাসহ ৩ অপহরণকারীকে।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ৮ অক্টোবর সকালে কবির হোসেনের মোবাইল ফোনে ২০ টাকা ফ্লেক্সিলোড আসে। এরপর মহেশপুর উপজেলার জাগুশা গ্রামের রেজাউল মোল্লার স্ত্রী ইসমত আরা মোবাইলে প্রেমের অভিনয় শুরু করে। কবিরকে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে যেতে বলে। সেখান থেকে কৌশলে যশোর নিয়ে যায়। আগে থেকে সেখানে আরো দুজন অবস্থান করছিল। তারা ভয়ভীতি দেখিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার সিংগেরকুল বাজারের বাবলু মোল্লার বাড়িতে নিয়ে আটকে ফেলে কবিরকে। পরে নির্যাতনের ভয় দেখায়।
ভিকটিমের মোবাইল ফোন ব্যবহার করে স্বজনদের কাছে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকি দেয়। ভিকটিম কবিরের চাচা বিকাশের মাধ্যমে ৩৫ হাজার টাকা অপহরণকারীদের প্রদান করে। বুধবার সকালে কোটচাঁদপুর থানাতে জিডি করা হয়। সেই সঙ্গে র্যাবকে জানানো হয়।
র্যাব মোবাইল ট্র্যাকিং করে ইসমত আরার অবস্থান সনাক্ত করে। বৃহস্পতিবার সকালে জাগুশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার সিংগেরকুল গ্রামের বাবলু মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। পরে শরাফত শেখকে গ্রেফতার করে।
র্যাব কর্মকর্তা আরো জানান, তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ইসমত আরা মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় গ্যাং এর সদস্য। সে আগেও এ ধরনের কাজ করেছে।
ইত্তেফাক/জেডএইচ
