এত দর্শক ছিল কোথায়

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:১৮

সাম্প্রতিক সময়ে ঢাকার মাঠে অনেকবার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছে। কিন্তু গতকাল বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিশ্বকাপ বাছাই ম্যাচের মতো দর্শক কমই হয়েছে সাম্প্রতিক কালে।

কাতারের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল পারবে না সেটা জেনেও হাজার হাজার দর্শক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছুটে এসেছিলেন। প্রায় ৩০ হাজার দর্শক আসনের স্টেডিয়ামটিতে কাল গ্যালারি উপচানো দর্শক ছিল। আবাহনী গ্যালারি পুরোটাই ছিল দর্শক ঠাসা। মোহামেডান গ্যালারি এমনিতেই খুব একটা কোলাহলময় হয় না। কিন্তু কাল এই গ্যালারির উপরিভাগের সব আসন ভরে গিয়েছিল প্রায়।

পূর্ব গ্যালারি কতদিন দর্শক ছোঁয়া পায় না তা বলা কঠিন। এদিন পূূর্ব গ্যালারির উপরের ভাগও ভরে গিয়েছিল। নিচের সারিতে ছিল হাজার দুই দর্শক। স্টেডিয়ামের ভেতরে যখন এমন পরিস্থিতি তখন বাইরের ছবিটা ছিল আরো কোলাহলমুখর। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার আগে স্টেডিয়াম এলাকা ভরে গিয়েছিল দর্শকে। বৃষ্টির কারণে অনেকে ঢুকতে ভয় পাচ্ছিলেন।

এদেশের মাঠগুলোয় গ্যালারি ছাদ ঢাকা থাকে না। যারা বৃষ্টির ভয়ে ছিলেন তারা ভিআইপি গ্যালারিতে ঠাঁই খুঁজছিলেন। কুমিল্লা হতে আসা অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাইনুদ্দিন খুঁজছিলেন ভিআইপি টিকিট। কিন্তু কোথায় পাবেন। অনেকে কালোবাজারির কাছ হতে টিকিট কিনে ঢুকে যান। ভিআইপি গ্যালারিতে চেয়ার রয়েছে। উপরে নিচে সবখানেই চেয়ার। তারপরও চেয়ারের বাইরে দাঁড়িয়ে হাজার খানেক দর্শক।

২০২২ ফিফা কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাই ম্যাচ এটি। রেজাল্ট কি হবে তা সবার জানা। কাতারের চেয়ে বাংলাদেশ ১২৫ ধাপ পেছনে। যারা আন্তর্জাতিক ফুটবল নিয়মিত দেখেন তারা জানেন এশিয়ান ফুটবলে বাংলাদেশ কোথায় আর কাতার কোথায়। তারপরও দর্শকদের আগ্রহে কমতি ছিল না।

অনেকে জাতীয় পতাকা নিয়ে এসেছিলেন। ১৯ বন্ধুর একদল সমর্থক ম্যাচটি দেখতে এসেছিলেন রাজধানীর বাইরে থেকে। এত দর্শক কোথায় ছিল। আকাশ ভরা মেঘ। রাজধানীতে কাল অনেক বৃষ্টি হয়েছে। রাস্তায় পানি জমে গিয়েছে। সন্ধ্যা না হতেই আকাশ অন্ধকার। তারপরও বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকের ভীড়ে সাধারণ পথচারীর প্রবেশ ছিল না। স্টেডিয়ামের দোকানপাট ছিল বন্ধ।

এসব দর্শক জানান দেয় ফুটবল দেখতে ছুটে আসা মানুষের আগ্রহ, ফুটবল নিয়ে এদেশের মানুষের প্রেম ভালোবাসায় কোথাও ঘাটতি নেই। দল প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য দেখালে দর্শক মাঠে ছুটে আসবেনই। আবহাওয়া যতই বিরূপ থাকুক।