তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা আনল বাংলাদেশ ‘এ’ দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় ম্যাচে গতকাল শ্রীলঙ্কাকে এক উইকেটে হারায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল বাংলাদেশ। আগামীকাল, ১২ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও ওয়ানডে।
টসে হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১২ বল বাকি রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। হারায় ৯ উইকেট।
ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র পাঁচ রানেই আউট হন ওপেনার সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কাটা সামাল দেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম ও নাজমুল হোসেন শান্ত। ২১ রানের বেশি করতে পারেননি শান্ত। তবে হাফসেঞ্চুরির স্বাদ নিয়েছেন নাইম। মারমুখী মেজাজে খেলে ৫৯ বলে ৯ চারে ৬৮ রান করেন তিনি। হাফসেঞ্চুরির স্বাদ নিয়ে আউট হন অধিনায়ক মোহাম্মদ মিথুনও।
এরপর আফিফ হোসেন ২৪ ও উইকেটরক্ষক নুরুল হাসান ২৫ রান করে ফিরলে বাংলাদেশের ম্যাচ জয় কঠিন হয়ে পড়ে। এক প্রান্ত আগলে শেষ ব্যাটসম্যানকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন সানজামুল ইসলাম। একটি চারে ৯ বলে ১১ রানে অপরাজিত থাকেন সানজামুল।
