মনপুরায় ব্যাংকের এজেন্ট হত্যায় জড়িতদের ফাঁসির দাবি

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:৩১

মনপুরা (ভোলা) সংবাদদাতা

মনপুরায় ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকের এজেন্টকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে তার পরিবারসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার হতে নিহতের বাড়ি পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয়।

নিহত ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট ও ব্যবসায়ী উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মো. আলাউদ্দিন মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত সবার ফাঁসির দাবি জানানো হয় মানববন্ধনে।

হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, নিহতের স্বজনরাসহ হাজারো মানুষ মানববন্ধনে অংশ নেন।

গত রবিবার রাত সাড়ে ১২টায় হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে ফেরার পর মো. আলাউদ্দিন মোল্লাকে নিজ বাড়ির উঠানে গলা কেটে হত্যা করা হয়।