জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি কাজে বাধা ও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রোম্মান হোসেন উপজেলার ভিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন সুলতানাকে ক্লাস নিতে বাধা দেন ও তাকে উত্ত্যক্ত করেন। শিক্ষকরা তাকে স্কুল থেকে বের হতে বললে তিনি শিক্ষকদের ওপর চড়াও হন। শিক্ষক-শিক্ষিকাদের ভয়-ভীতি দেখান।
বিষয়টি আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেন।
আক্কেলপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কিরন কুমার রায় জানান, গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোম্মান হোসেনকে শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অপরাধে আটক করি। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
