অসচেতনতার কারণে চোখের সমস্যায় ভুগছে মানুষ

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:৩৩

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের উদ্যোগে ও অরবিসের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ‘বিশ্ব দৃষ্টি দিবস’ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, চোখের পরিচর্যা, সঠিক জ্ঞানের অভাব ও অসচেতনতার কারণে মানুষ চোখের সমস্যায় ভুগছে। বিশেষ করে এ অঙ্গের ত্রুটি, জটিলতা, পুষ্টিহীনতা, অজ্ঞতার কারণে মানুষ দৃষ্টিহীন হয়ে পড়ে। বিশ্ব দৃষ্টি দিবস পালনের মাধ্যমে এ বিষয়ে সচেতনতা বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. কামরুল ইসলাম, আইসিওর পরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম, সিনিয়র কনসালটেন্ট ডা. মুর্তুজা নুরুউদ্দিন, আইসিওর অধ্যাপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী, সিনিয়র কনসালটেন্ট ডা. সামস্ মোহাম্মদ নোমান প্রমুখ।

এর আগে হাসপাতালের ইমরান সেমিনার হলে দিবসটির মূল প্রতিপাদ্য বিষয়ের ওপর শিক্ষার্থীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন ডা. সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান। আলোচনায় অংশ নেন, ডা. সাজ্জাদ হোসেন খান, ডা. ফিরোজ খান, ডা. ওয়াহিদ আলম প্রমুখ।

সেমিনারে বলা হয়, কখনো নিজেদের অজান্তে, কখনো অভ্যাসের কারণে চোখের দৃষ্টিশক্তি কমিয়ে ফেলছি আমরাই। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে বেশির ভাগ সময় কাটান। যা কি না চোখের জ্যোতি কমার অন্যতম কারণ।