শাওন হত্যার প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:৩৪

ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকায় প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে ছুরিকাঘাতে কলেজছাত্র শাওন ভট্টাচার্য (২০) হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান আসামি মাহফুজুল ইসলাম মাহিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে নাচানাচি ও ধাক্কাধাক্কি নিয়ে আসামিদের সঙ্গে শাওনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রধান আসামি মাহিন ছুরি দিয়ে শাওনকে আঘাত করে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। ঘটনার দুই ঘণ্টার মধ্যে মাহিনকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে নগরীর বিভিন্ন এলাকা থেকে আকাশ চন্দ্র দে, সারোয়ার উদ্দিন হূদয়, ফারদিন, সাজ্জাদ, মুন্না ও রাকিবকে গ্রেফতার করা হয়েছে।