কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্নাপালং বড়ুয়া পাড়ায় রাতে একই পরিবারের চার জনকে জবাই করে হত্যার ঘটনার ১৪ দিনের মাথায় অবশেষে দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার হয়েছেন হত্যার শিকার কিশোরীর মা ও নিহতদের এক নিকটাত্মীয়। আদালতের আদেশে বুধবার সন্ধ্যায় আটককৃতদের কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।
কারান্তরিণরা হলেন, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের শিপু বড়ুয়ার স্ত্রী রিকু বড়ুয়া (২৮) ও অপরজন রামু উপজেলার রাজারকুল গ্রামের রোমেল বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (২৪)।
উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান, গ্রেফতারকৃত দুই জনই রোকেন বড়ুয়ার নিকটাত্মীয়। তার মধ্যে রিকু বড়ুয়া প্রবাসী রোকেন বড়ুয়ার সেজ ভাই শিপু বড়ুয়ার স্ত্রী এবং হত্যার শিকার সনী বড়ুয়ার (৬) মা। অপরজন রোকেন বড়ুয়ার ভাগনি জামাই উজ্জ্বল বড়ুয়া। উজ্জ্বল বড়ুয়ার বাড়ি রামু উপজেলার রাজারকুল। উজ্জ্বল বড়ুয়াকে মঙ্গলবার ৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তার শ্বশুরবাড়ি উখিয়া উপজেলার কুতুপালং থেকে গ্রেফতার করা হয়। এরপরই রিকু বড়ুয়াকে তার স্বামীর বাড়ি পূর্ব রত্না বড়ুয়া পাড়া থেকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার বলেন, বুধবার বিকেলে গ্রেফতারকৃত দুই জনকে আদালতে চালান দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।
