আবরার হত্যার দ্রুত বিচার দাবি

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:৫৫

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার এবং প্রধানমন্ত্রীর ঘোষিত চলমান শুদ্ধি কার্যক্রমের সঙ্গে দুর্নীতিবাজ ও অসত্ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। সম্মিলিত সামাজিক আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে।

প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব মতপ্রকাশের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ সরকারি দলের ছাত্র নামধারী সন্ত্রাসীদের হাতে জীবন দিলেন। এ হত্যাকাণ্ডে পুরো জাতিই নয় বিশ্ববিবেক আলোড়িত হয়েছে। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং হত্যাকারীদের কঠোর হস্তে দমনের দাবি জানাই।

সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. আজিজুর রহমান বলেন, আমরা মনে করি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বিস্তারে টেন্ডারবাজ ও লুটেরা, রাঘব বোয়ালদের প্রভাব বিদ্যমান। এরা মাদক বাণিজ্য, ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তোলা এবং নানাভাবে প্রভাব বিস্তার করে নিজেদের স্বার্থসিদ্ধি করতে সবসময়ই ক্ষমতার কাছাকাছি অবস্থান নেয়। এই অশুভ শক্তির প্রভাবমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সব বিবেকবান মানুষ, গণতন্ত্রমনা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল, ছাত্র-যুব, কৃষক শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার জনতার দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে দুর্নীতিবাজ ও অসত্ ব্যক্তিদের কঠোর হস্তে দমন করা হবে। আমরা মনে করি দীর্ঘদিন থেকে রাজনীতিকে পুঁজি করে সমাজের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজ, দখলদার, মাদক বাণিজ্য, টেন্ডারবাজি, অর্থ পাচারকারী ও খেলাপি সংস্কৃতির মতো জঘন্যতম কর্মকাণ্ডে দেশের সাধারণ মানুষের জীবনে দুর্বিষহ অবস্থা নেমে আসছে। এই চক্র মূলত সুবিধাবাদী ও ষড়যন্ত্রকারী। এরা বর্তমানে সমাজের সর্বস্তরে নিজেদের আধিপত্য বিস্তার করার প্রচেষ্টায় লিপ্ত। এমনকি নারী-শিশু, ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী নিপীড়নে এই চক্রের প্রভাব রয়েছে। 

মানববন্ধনে আরো বক্তব্য দেন, আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল্লাহ আল মামুন চৌধুরী, জাতীয় শ্রমিক জোট কার্যকরী সভাপতি আবদুল ওয়াহেদ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ও কার্যকরী সভাপতি মিজানুর রহমান বাবুল, সম্মিলিত সামাজিক আন্দোলনের বরগুনা জেলা শাখার সহসভাপতি সোহেলী পারভীন। সভায় ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সামছি। সভা সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।