বুয়েটের ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না, সেটি বুয়েট প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বুয়েটে ছাত্রলীগ ছাড়াও অন্যান্য শক্তিশালী ছাত্র সংগঠন রয়েছে। এর আগে তাদের কখনো আন্দোলনে নামতে দেখা যায়নি।
গতকাল বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০১৯’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষকদের আন্দোলনে ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, বুয়েটে আবরার হত্যাকাণ্ড ছাড়াও এমন ঘটনা আগেও ঘটেছে, তখন শিক্ষক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন কোথায় ছিলেন? তখন তারা কেন আন্দোলনে নামেননি? কেন এখন সবাই মিলে আন্দোলনে যোগ দিয়েছেন?
উপাচার্যের পদত্যাগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বুয়েট ভিসির পদত্যাগ করা না করাটা শিক্ষা মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে না। আর বুয়েটের ছাত্ররা যেসব দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে বুয়েট প্রশাসনের মাধ্যমে তা সমাধান করতে হবে।
