তিন ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২২:০০

গাবতলীর মেসার্স শাহানাজ ফিলিং স্টেশন প্রতি ১০ লিটার অকটেনের পরিমাপে ৬৪০ মিলিলিটার কম দিয়ে আসছিল। এ অপরাধে ফিলিং স্টেশনটির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

পরিমাপে কম দেওয়ার অপরাধে মেসার্স শাহানাজ ফিলিং স্টেশন ছাড়াও গতকাল বৃহস্পতিবার আরো দুটি  পেট্রোলপাম্পের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) রেজাউল করিম সরকার। তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তিনটি পেট্রোলপাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত তিনটি ফিলিং স্টেশনের একটি হচ্ছে তেজগাঁওয়ের বিজয় সরণির মেসার্স ট্রাস্ট ফিলিং স্টেশন। এ ফিলিং স্টেশন অকটেন পরিমাপে তিনটি ইউনিটে প্রতিটিতে ১০ লিটারে যথাক্রমে ১৫০ মিলিলিটার, ১২০ মিলিলিটার এবং ১১০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছিল।

গাবতলীর মেসার্স শাহানাজ ফিলিং স্টেশন অকটেন পরিমাপে প্রতি ১০ লিটারে ৬৪০ মিলিলিটার, ডিজেল পরিমাপে দুটি ইউনিটে প্রতিটিতে ১০ লিটারে ৪৪০ মিলিলিটার ও ৪৬০ মিলিলিটার তেল কম প্রদান করে।  গাবতলীর মেসার্স ট্রেড কনসোর্টিয়াম ডিজেল পরিমাপে দুটি ইউনিটে প্রতিটিতে ১০ লিটারে ৭০ মিলিলিটার করে তেল কম দেওয়ায় প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মামলা করা হয়। বিএসটিআইয়ের এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক মোন্নাফ হোসেন, পরিদর্শক লিয়াকত হোসেন ও রাকিবুল আলম অংশ নেন।