সোনালি যুদ্ধের ডাক অর্থমন্ত্রীর

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২২:২৬

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, ‘আগামী দশ বছর হবে বাংলাদেশের জন্য সোনালি যুদ্ধের সময়। এই সময়ের মধ্যে ৩ কোটি মানুষের কর্মসংস্থান হবে। তখন এ দেশে আর কোনো বেকার থাকবে না।’ তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই সোনালি যুদ্ধে সকলকে অবতীর্ণ হতে হবে। আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, আর সোনালি যুদ্ধের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে অর্থনৈতিক        মুক্তি আনা হবে।’

গতকাল বৃহস্পতিবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় হোটেল ফুড প্যালেস মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  অর্থমন্ত্রী বলেন, বিশ্বের উন্নত ২০টি দেশের কাতারে ২০৪১ সালের মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে। এজন্য দেশকে ভালোবেসে দেশের প্রতি মমতা রেখে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রধান যোগানদাতা হলো ছাত্রলীগ।’ তিনি নেতাদের অনুরোধ করে বলেন, ‘কর্মী রিক্রুট করার সময় দেখে করবেন। কোনো ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবীদের দলে প্রয়োজন নেই।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় এমপি ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ‘রাজনীতির পথ অনেক লম্বা। ধৈর্য হারালে চলবে না। মনপ্রাণ ও দরদ দিয়ে আওয়ামী লীগ করলে দল অনেক কিছু দেয়, তাকে মূল্যায়ন করে।’

সম্মেলনে আগামী তিন বছরের জন্য উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান সভাপতি ও রহমত উল্লাহ বাবুল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি ইলিয়াস মিয়া, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান প্রমুখ।