কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দের পর ভোটের লড়াইয়ে নেমেছেন ৮ প্রার্থী। প্রত্যেকেই কর্মী সমর্থকদের নিয়ে দিনরাত প্রচারণা চালাচ্ছেন। তবে ৮ জন প্রার্থী থাকলেও আওয়ামী লীগ, জাতীয়পার্টি ও বিএনপি প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে বলে ধারণা করছেন ভোটাররা।
নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার ১টি পৌরসভা ও ২৪ ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন কুড়িগ্রাম-১। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ৫১৬ জন।
১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে নেতা, কর্মী, সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী আছলাম হোসেন সওদাগর (নৌকা), বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানা (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী এ.কে.এম মোস্তাফিজুর রহমান (লাঙ্গল), জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রশীদ আহম্মেদ (সাইকেল), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী জাহিদুল ইসলাম (আম), জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই (গোলাপ ফুল), বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান প্রধান (হাত পাখা) ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী কাজী লতিফুল কবির (ফুলের মালা)।
আরো পড়ুন : বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু গ্রেফতার
এর আগে মহাজোটের কারণে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে এ আসন ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। এবার এ আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী আছলাম হোসেন সওদাগর নৌকা প্রতীকে নির্বাচন করছেন। ভোটের মাঠে আছেন বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানা। নির্বাচনী মাঠে সমান তালে দৌড়াচ্ছেন আওয়ামী লীগ, জাতীয়পার্টি ও বিএনপি মনোনিত প্রার্থী। ফসলের মাঠ থেকে চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই আলোচিত হচ্ছে এদের তিনজনের মধ্যে কে হাসবেন শেষ হাসি। শেষ পর্যন্ত ত্রিমুখী লড়াই হতে পারে বলে ভোটাররা ধারণা করছেন।
ইত্তেফাক/ইউবি
