ঢাকার ধামরাইয়ে বহুল আলোচিত ডাকাতি ও স্কুলছাত্র হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো—সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের সমেজ আলী প্রামাণিকের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩২) এবং ধামরাই উপজেলার বাউটিয়া গ্রামের গোপালের ছেলে নজিম উদ্দিন নাজিম (৩৯)। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা দুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার অন্যান্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার ধামরাইয়ে জালসা বাগবাড়ী গ্রামে ডাকাতিকালে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে রমজান আলী নামে জালসা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়। ঐ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের হয়।
