বরগুনায় মা ও মেয়ে এবং ব্রাক্ষণবাড়িয়ায় বন বিভাগের দুই কর্মকর্তাসহ সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর-
বরগুনা (উত্তর): বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে মা ও মেয়েসহ দুই জন নিহত হয়েছেন। আহত অপর ১২ জনকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, বরগুনার তালতলী উপজেলার শনপাড়া গ্রামের মো. নান্টু খানের স্ত্রী মোসাম্মত সোনিয়া আক্তার (২৮) ও তারে মেয়ে জান্নাতি (৮)। গতকাল বরগুনা-বেতাগী আঞ্চলিক মহাসড়কের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া: ট্রাকের চাপায় দোলন সরকার (৩৬) ও রাজিব চৌধুরী (৩৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দোলন গাজীপুর সদর থানার হাইলপুর এলাকার ও রাজিব ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের। তারা ব্রাহ্মণবাড়িয়া বন বিভাগ কার্যালয়ে অফিস সহকারী ছিলেন।
