কুমিল্লায় ইয়াবার মামলায় যুবলীগ নেতা আরমান শ্যোন অ্যারেস্ট

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০০:১৪

ছয় মাসের সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্র্রাটের সহযোগী এনামুল হক আরমানকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ইয়াবার মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আরমানকে আমলি আদালত পাঁচ এর বিচারক ও কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে হাজির করা হয়। এ মামলার পরবর্তী তারিখ আগামী ৬ নভেম্বর ধার্য করেছে আদালত।

এর আগে গত রবিবার ভোর রাতে যুবলীগ নেতা আরমানকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কুঞ্জুশ্রীপুর গ্রামের জামায়াত নেতা ও ফেনীর পৌর মেয়র আলাউদ্দিনের ভগ্নিপতি মনিরুল ইসলাম চৌধুরী ওরফে ছক্কা মিয়ার বাড়ি থেকে আটক করে র্যাব-৭। আটকের সময় আরমানকে মদ্যপ অবস্থায় পাওয়া যায় এবং তার পকেট থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা।