চীনে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন-নির্যাতন মানবাধিকারের গুরুতর লংঘন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ ইস্যুতে যুক্তরাষ্ট্র সোচ্চার থাকবে বলে এক সাক্ষাত্কারে জানিয়েছেন পম্পেও। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক পিবিএসের সঙ্গে গত বুধবার দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, এটি যে কেবল মানবাধিকারের চরম লঙ্ঘন তাই নয়, এমন আচরণ করে চীনের কিংবা বিশ্বের কারো কোনো স্বার্থসিদ্ধি হবে বলেও আমরা মনে করি না। ১৫ মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ চলছে। এর মধ্যে উইঘুর মুসলমানদের দমন-পীড়নের অভিযোগে এ মাসেই চীনের সরকারি-বেসরকারি ২৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। উপরন্তু উইঘুর নিপীড়নে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত চীনা কর্মকর্তাদের ভিসা দেয়ার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র গত মঙ্গলবারই বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশে বেশিরভাগ উইঘুর মুসলমানের বাস। -রয়টার্স
