কুষ্টিয়ায় দম্পতির লাশ উদ্ধার

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১২:১৩

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকা গ্রাম থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন— বিপুল কুমার রায় (৩০) ও তার স্ত্রী সোহাগী রানী মণ্ডল (২৩)।

পুলিশ জানায়, ভালুকা গ্রামের ভরতচন্দ্র মন্ডলের বাড়ির একটি ঘর থেকে তার মেয়ে ও জামাইয়ের লাশ উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা সে সম্পর্কে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। তবে দাম্পত্য কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহাগীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী বিপুল আত্মহত্যা করেছেন। কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মাত্র ৪/৫ মাস আগে তাদের বিয়ে হয়। নিহত বিপুল কুমার রায়ের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভবানীপুর গ্রামে। পূজা উপলক্ষ্যে অষ্টমীর দিনে ওই দম্পতি শৈলকুপা থেকে  শ্বশুর বাড়িতে এসেছিলেন।

কুমারখালী থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রকৃত কারণ উদঘাটন ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ইত্তেফাক/এএম