বিনোদন রিপোর্ট
একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী ও কম্পোজার এস আই টুটুল দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে মিউজিক নিয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। দেশে ফিরেই নিজের ব্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে স্টেজের গানের ব্যাপারে নতুন প্লে-লিস্ট সাজাচ্ছেন শিল্পী এস আই টুটুল।
এ প্রসঙ্গে টুটুল বলেন, ‘এখন আমি প্রতিটি স্টেজ শোতেই আমার নিজের পপুলার প্লে-লিস্ট থেকে শুরু করে এলআরবির নতুন গানগুলো গাইছি। কারণ এলআরবির একজন প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে এটা আমার গুরুর প্রতি কর্তব্য বলে আমি মনে করি। এটাকে যে যেরকম রঙেই দেখুক না কেন, আমরা তো কাজের বাইরে কথা বেশি বলতে পছন্দ করি। কিন্তু আমি মনে করি এলআরবিকে বুকে ধারণ করে আমরাই মঞ্চে মঞ্চে বাঁচিয়ে রাখবো। এছাড়া গুরুজির মৃত্যুর পর আমার এই প্রিয় ঘরটি কিভাবে ছন্নছাড়া হলো তা তো দেখলাম। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে। আমি জানি না, হয়তো আমি মারা গেলে আমার ব্যান্ডটিও এমন হবে কি-না! কিন্তু আমি মনে করি এলআরবি এবং আইয়ুব বাচ্চু তার অগণিত অমর সৃষ্টির ভেতরেই টিকে থাকবে।’ এদিকে এলআরবির প্রতিষ্ঠাকালীন সদস্য বেজ গিটারিস্ট স্বপন কণ্ঠশিল্পী মিজানকে নিয়ে এলআরবি পরিচালনা করছেন। তবে কোনো পরিস্থিতিতে এস আই টুটুল এলআরবিতে যোগদান করবেন কি-না এমন প্রশ্নে টুটুল বলেন, ‘আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেই। তবে দেশে ফেরার পর অগণিত শিল্পী কলিগদের কাছ থেকে অনুরোধ পাচ্ছি এলআরবির হাল ধরার জন্য। আমি মনে করি সেটি আপাতত সম্ভব না হলেও প্রতিটি স্টেজে গুরুজিকে স্মরণ করে ও তার গান নিয়ে আমি দর্শকদের সঙ্গে সম্পৃক্ত থাকবো।’
উল্লেখ্য, দেশে ফিরে এস আই টুটুল তার ব্যান্ড ধ্রুবতারার নতুন কিছু ট্র্যাকসহ কিছু চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
