আবারো ছোটপর্দায় শিমুল
২০১০ সালে টিভি নাটকে অভিনয় করেই ক্যারিয়ার শুরু করেছিলেন চলচ্চিত্র অভিনেতা শিমুল খান। তারপর ২০১৩ সালে ‘দেহরক্ষী’তে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বড়পর্দায় অভিষেক ঘটে তার। একাধারে টানা ৭ বছর ভালোবেসে শুধুমাত্র সিনেমাতেই অভিনয় করে গেছেন। তবে সম্প্রতি আবারো ছোটপর্দায় ফিরেছেন তিনি। শিমুল খান বলেন, ‘নির্মাতা সঞ্জয় সমদ্দারের চলতি টেলিছবি পলিটিক্স-এর স্ক্রিপ্টটি আমাকে মারাত্মকভাবে প্রভাবিত এবং অনুপ্রাণিত করেছে সিনেমার পাশাপাশি অন্য সব মাধ্যমে অভিনয়ে নিয়মিত হতে। তাইতো দীর্ঘ ৭ বছরের বিরতি শেষে পুনরায় নিজের জন্মভিটায় ফিরে এলাম। আমি দীর্ঘদিন পর আমার এই ফিরে আসার মুহূর্তটিকে খুব চমত্কারভাবে উপভোগ করছি।’ ইশতিয়াক আহমেদের গল্প ও চিত্রনাট্য এবং সঞ্জয় সমদ্দারের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার ‘পলিটিক্স’ টেলিছবিটিতে অভিনয় করছেন অপূর্ব, তানজিন তিশা, ইভান সাইর, এইচ কে স্বাধীন, সিয়াম নাসির, ফকরুল বাশার মাসুম, মিলি বাশার, রাশেদ মামুন অপু এবং বিশেষ একটি চরিত্রে রয়েছেন শিমুল খান।
০০০
আইয়ুব বাচ্চুর স্মরণে তুহিনের ‘গিটার জাদুকর’
কিংবদন্তী ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি পরিকল্পনার কথা জানিয়েছেন গায়ক ও সুরকার শফিক তুহিন। আইয়ুব বাচ্চুর অনুপ্রেরণা ও উত্সাহেই সংগীত জগতের অনেকগুলো সিঁড়ি পেরিয়ে অনেক দূর উঠে এসেছেন শফিক তুহিন। তিনি বলেন, ‘গুরুর স্মরণে গিটার জাদুকর নামে একটি গান বেঁধেছি। গানটি খুব শিগগিরই বাংলা টিভির সহযোগী প্রতিষ্ঠান ওয়ান মোর জিরোর ব্যানারে অডিও-ভিডিও আকারে প্রকাশ পাবে।’ আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখেই গানটি তৈরি করা হয়েছে বলে শফিক তুহিন উল্লেখ করেন।
‘গিটার জাদুকর’ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর তৈরি করেছেন শফিক তুহিন নিজেই। গায়ক জানান, গানটির অডিও রেকর্ডিং শেষ। বর্তমানে চলছে একটি সুন্দর ভিডিও নির্মাণের কাজ।
