পাঞ্জাবের কোচ কুম্বলে

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২০:৫৫

স্পোর্টস ডেস্ক

ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর লম্বা সময় কোচিং থেকে দূরে ছিলেন অনিল কুম্বলে। একটু দেরিতে হলেও পুরোনো পদে ফিরলেন তিনি। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হলো সাবেক এই কিংবদন্তি স্পিনারকে।

এক বিজ্ঞপ্তিতে পাঞ্জাব দলের সঙ্গে কুম্বলের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কিংস ইলেভেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। আগে দু’বছরের জন্য এই দলটির কোচ ছিলেন নিউজিল্যান্ডের মাইক হেসন। এরপর ভারত ও বাংলাদেশের কোচ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

কুম্বলে একই সাথে দু’টি দায়িত্ব পালন করবেন। প্রথমত তিনি দলের কোচ। একই সাথে তাকে ক্রিকেট অপারেশনস পরিচালকের দায়িত্বও দেওয়া হয়েছে।

গেল বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজির বোর্ড সভায় বসে কিংস ইলেভেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। এর মধ্য দিয়েই ফ্র্যাঞ্জাইজিটি তাদের নতুন হেড কোচ অনিল কুম্বলের নাম নিশ্চিত করেছেন। কুম্বলে এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক হিসাবে খেলেছেন। পরবর্তীতে দলটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কাজ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের সাথেও। তবে, আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে এটিই অনিল কুম্বলের প্রথম কোচিং অভিজ্ঞতা হবে।

আইপিএলের ইতিহাসে ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের উল্লেখযোগ্য কোনো সফলতা নেই। এক দশকেরও বেশি আইপিএলে ব্যর্থতার পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। এরই অংশ হিসেবে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কুম্বলেকে।

দলটির মালিকদের একজন নেস ওয়াদিয়া বলেন, ‘কোচ হিসেবে আমরা কুম্বলেকে বেছে নিয়েছি। কারণ ক্রিকেট মানসিকতা ও কোচিংয়ের যোগ্যতার ব্যাপারে ধারণা রাখে। তিনি খুবই ঠান্ডা মাথার মানুষ। আগেও আইপিএলে দু’টি ফ্র্যাঞ্চাইজির সাথে তার কাজ করার অভিজ্ঞতা আছে, কাজ করেছেন ভারতীয় জাতীয় দলেও। আমি বিশ্বাস করি তার অধীনে আমাদের দলটা খুব ভালো করবে।’