একটু আগেভাগেই ক্রিকেট ছেড়ে দেওয়া জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু এবার কোচিংয়ে আগ্রহী। এমনকি তিনি শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হওয়ার জন্য আবেদনও করেছেন। গেল ২৬ সেপ্টেম্বর তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে কোচ হতে চেয়ে ছয় পৃষ্ঠার সিভি জমা দিয়েছেন। এর আগে ভারতের ফিল্ডিং কোচ হতেও আবেদন করেছিলেন তিনি। ৩৬ বছর বয়সি টাইবু বলেন, ‘আমি শ্রীলঙ্কার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। ফিল্ডিং কোচ বাছাইয়ের ক্ষেত্রে উইকেটরক্ষকদের কখনোই খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। একজন ফিল্ডিং কোচকে বিশেষ জায়গার ফিল্ডিং নিয়ে কাজ করতে হয়। তাই উইকেটরক্ষকদের কোচ বানালে সেই সুবিধা পাওয়া যায়। আমি দলের উইকেটরক্ষণ ছাড়াও অন্য জায়গা নিয়ে কাজ করতে পারি। ব্যাটিং, ফিল্ডিং স্থান নির্ধারণ ও নেতৃত্ব নিয়েও কাজ করার অভিজ্ঞতা আছে আমার।’
