স্পোর্টস রিপোর্টার
বৃষ্টি, ভেজা আউটফিল্ডের ধাক্কা পেরিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার ভেন্যুতেই খেলা গড়িয়েছে গতকাল। প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের উজ্জ্বল পারফরমার ঢাকা মেট্রোর আরাফাত সানি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তার ঘূর্ণি জাদুতেই চট্টগ্রাম বিভাগের স্কোরটা বড়ো হয়নি। ৮৭ রানে ৬ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার এবং সবকটি উইকেটই গতকাল পেয়েছেন তিনি।
দ্বিতীয় স্তরের ম্যাচে মিরপুরে গতকাল চট্টগ্রামের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৯০ রানে। শেষ বিকেলে ২ উইকেটে ৬৬ রান তুলেছে ঢাকা মেট্রো। শামসুর রহমান ২৬, মার্শাল আইয়ুব ২১ রানে ব্যাট করছেন। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গতকাল ৩১ ওভার খেলা হয়েছে। বরিশালের বিরুদ্ধে সিলেট ৩ উইকেটে ৬৮ রান করেছে। জাকির হাসান ৩২, অলক কাপালি ৮ রানে অপরাজিত আছেন।
প্রথম স্তরের ম্যাচে ফতুল্লায় ঢাকা বিভাগের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৪০ রানে। মুশফিকুর রহিম-জহুরুল ইসলামের হাফ সেঞ্চুরির পরও গতকাল দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ১৭৩ রান। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে গতকাল খেলা হয়েছে ৭২ ওভার। স্বাগতিকদের বিপক্ষে রংপুর ৫ উইকেটে ১৬৯ রান তুলে দিনের খেলা শেষ করেছে। তানভির হায়দার ৪০, সোহরাওয়ার্দী শুভ ৩১ রানে ব্যাট করছেন।
মিরপুরে গতকাল ১৪৩ রান যোগ করতেই শেষ সাত উইকেট হারায় চট্টগ্রাম। পিনাক ৩২, তাসামুল একপ্রান্ত আগলে ৯০, অঙ্কন ৩০ রান করেন। চা বিরতির পর টানা চার উইকেট নেন আরাফাত সানি। ক্যারিয়ারে এটি তার ১৯তম ৫ উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ঢাকা মেট্রোকে কাঁপিয়েছে চট্টগ্রামের তরুণ পেসাররা। অভিষিক্ত নোমা চৌধুরী, মেহেদী হাসানরা নতুন বলে দারুণ বোলিং করেছেন। সাদমান (৬) নোমানের শিকার হন। রাকিন (৮) রান আউট হন। সেই ধাক্কা সামলেছেন অভিজ্ঞ শামসুর ও মার্শাল আইয়ুব।
ফতুল্লায় রাজশাহীর বিপক্ষে শেষ ৩ উইকেটে ১০৭ রান যোগ করে ঢাকা। যেখানে মূল অবদান তাইবুর রহমানের। একপ্রান্তে তিনি ৮৮ রান করে অপরাজিত ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত। রাজশাহীর তাইজুল ৪টি, শফিউল ৩টি, ফরহাদ রেজা ২টি উইকেট পান। ব্যাট করতে নেমে ঢাকার পেসার সুমন খানের তোপে ১৪ রানে ৩ উইকেট হারিয়েছিল রাজশাহী। জহুরুল-মুশফিকের ১২১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। মুশফিক ৭৫ রান করে ফিরেন। ১৫৯ রানে ৬ উইকেট পড়ার পর জহুরুল-ফরহাদ আর বিপদ হতে দেননি। সুমন খান ৪০ রানে ৩ উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা-রাজশাহী বিভাগ
ঢাকা: ৭৬.১ ওভারে ২৪০ (রনি তালুকদার ৬৩, জয়রাজ শেখ ৩৫, আব্দুল মজিদ ১০, তাইবুর রহমান ৮৮*, সুমন খান ১০; তাইজুল ৪/৯২, শফিউল ৩/৪৩, ফরহাদ রেজা ২/৩৫, শফিকুল ১/৫৬)
রাজশাহী: ৬৬ ওভারে ১৭৩/৬ (মুশফিক ৭৫, জহুরুল ৫৭, সাব্বির ১১, ফরহাদ রেজা ১৪*; সুমন খান ৩/৪০, শুভাগত ১/৩১, সালাউদ্দিন শাকিল ১/৩৭, নাজমুল অপু ১/৪১)
রংপুর-খুলনা
রংপুর: ৭২ ওভারে ১৬৯/৫ (নাঈম ইসলাম ৪৮, মাহমুদুল হাসান ২৭, হামিদুল ১৬, নাসির ৪, তানবির হায়দার ৪০*, সোহরাওয়ার্দী শুভ ৩১*; আল-আমিন ২/৪৪, রাজ্জাক ২/৫১, মইনুল ইসলাম ১/১৩)
চট্টগ্রাম-ঢাকা মেট্রো
চট্টগ্রাম: ১২২.৫ ওভারে ২৯০ (তামিম ৩০, সাদিকুর ৫১, মুমিনুল ১১, পিনাক ঘোষ ৩২, তাসামুল ৯০, মাহিদুল ইসলাম অঙ্কন ৩০, মাসুম খান ২৭; আরাফাত সানি ৬/৮৭, মাহমুদউল্লাহ ৩/৫৫, শহীদুল ১/৫৬)
ঢাকা মেট্রো: ২৪ ওভারে ৬৬/২ (সাদমান ৬, রাকিন ৮, শামসুর ২৬*, মার্শাল আইয়ুব ২১*; নোমান চৌধুরী ১/২৩)
বরিশাল-সিলেট বিভাগ
সিলেট: ২৯.৩ ওভারে ৬৭/৩ (তৌফিক খান ১৬, জাকির হাসান ৩১*, অলক কাপালি ৮*; কামরুল ইসলাম রাব্বি ২/১৩, তৌহিদুল ইসলাম ১/২৬)
