অনূর্ধ্ব ১৫ নারী সাফ
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়েছে। টানা দ্বিতীয় জয় ফাইনালের পথে আরেকটু এগিয়ে দিয়েছে কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের।
নিজেদের প্রথম ম্যাচে বুধবার ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়ী দলটি গতকাল ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ১২তম মিনিটেই এগিয়ে যায়। গোলটি আসে শাহিদা আক্তারের পা থেকে। ২৬তম মিনিটে শামসুন্নাহার গোল করলে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল হজম করলেও ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন শামসুন্নাহাররা।
চার দলের প্রতিযোগিতায় দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। এক ম্যাচ খেলা ভারত তিন পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আগামীকাল রবিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। ম্যাচটি জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনালে পা রাখবে গোলাম রাব্বানী ছোটনের দল।
