শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার লিগজয়ী বসুন্ধরা কিংস, আবাহনী, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে একই গ্রুপে পড়েছে। বি গ্রুপের প্রতিপক্ষদের কঠিন মানলেও বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন জানিয়েছেন শিরোপার জন্যই লড়বে তার দল।
গতকাল শুক্রবার রাজধানীর এক হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে টুর্নামেন্টটির ড্র অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, আয়োজক চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যান তরফদার রুহুল আমিন, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসিরসহ আরো অনেকে। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বিজয়ী দল পাবে ৫০ হাজার ডলার ও রানার্স আপ পাবে ২৫ হাজার ডলার। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ১০ হাজার ডলার করে।
প্রতিযোগিতাটির এ গ্রুপে আছে শিরোপাধারী মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস, ভারতের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, লাওসের ইয়াং এলিফ্যান্ট এফসি ও আয়োজক চট্টগ্রাম আবাহনী। বি গ্রুপে আছে ফেডারেশন কাপজয়ী আবাহনী, স্বাধীনতা কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগজয়ী বসুন্ধরা কিংস, চেন্নাই সিটি এফসি, তেরাঙ্গানু এফসি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস কোচ অস্কার ‘বি’ গ্রুপের প্রতিপক্ষদের বেশ সমীহের চোখেই দেখছেন। তিনি জানালেন, প্রতিযোগিতার কঠিন গ্রুপ এটিই। শিরোপার লক্ষ্যে মাঠে নামলেও আবাহনী কিংবা চেন্নাই সিটি কাজটা সহজ হতে দেবে না মোটে, অভিমত স্প্যানিশ কোচের। ব্রুজনের ভাষ্য, ‘প্রতিপক্ষ হিসেবে আবাহনী, চেন্নাই সিটি এফসি আর টেরেঙ্গানু এফসিকে পেয়েছি, যারা বেশ কঠিন প্রতিপক্ষ। তবে শিরোপা জিততেই মাঠে নামবে আমার দল।’
লেবাননের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে ব্যস্ত থাকায় নতুন নিবন্ধিত খেলোয়াড় মোহাম্মদ জালালকে এখনো পায়নি বসুন্ধরা। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে থাকা ৯ জন খেলোয়াড় দলে যোগ দেবেন আগামী ১৬ অক্টোবর। এর পর থেকেই পুরোদমে শেখ কামাল ক্লাব কাপের প্রস্তুতি শুরু করবে বসুন্ধরা, জানান ব্রুজন।
