সিপিএল
স্পোর্টস ডেস্ক
চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে চলে গেল সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। দ্বিতীয় কোয়ালিফায়ারে গতকাল ভোরে দলটি ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারায় ১২ রানে। যদিও, ম্যাচ জয়ে সাকিবের অবদান ছিল সামান্যই। ব্যাট হাতে ১২ বলে ১৮ রানের পর বোলিংয়ে তিনি ছিলেন উইকেট শূন্য।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬০ রান করে বাবার্ডোজ। জবাব দিতে নেমে ১৯.৩ ওভারে অলআউট হয় ত্রিনবাগো। বোর্ডে জমা হয় ১৪৮ রান।
ব্যাটিংয়ে শুরুটা ধীরগতিতেই করেছিলেন বার্বাডোজের দুই ওপেনার জনসন চার্লস ও অ্যালেক্স হেলস। ৪.৫ ওভার স্থায়ী জুটিতে আসে ২৭ রান। ১১ বলে ১০ রান করে অ্যালেক্স হেলস ফিরে গেলে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। সাবধানী শুরু করা সাকিব ১ টি করে চার ও ছক্কা মারেন। খ্যারি পিয়েরেকে উড়িয়ে মারতে যেয়ে তার হাতেই ধরা পড়েন সাকিব। ১২ বলে ১৮ রান করেন সাকিব। চালর্স ৪১ বলে করেন ৩৫ রান।
এরপর ডুমিনির ৫ বলে ১০, শাই হোপের ১৮ বলে ২৩, রেইফারের ১৮ বলে অপরাজিত ২৪ ও অ্যাশলে নার্সের ৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসের সুবাদে লড়াইয়ের পুঁজি পায় সাকিবরা। দুটি করে উইকেট নেন আলী খান, খ্যারি পিয়েরে ও ক্রিস জর্ডান।
১৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথমেই সাকিবের ওপর চড়াও হন সুনীল নারাইন। ৪ চারে ঐ ওভার থেকে তোলেন ১৬ রান। দ্বিতীয় ওভারে ফিরে যান ১ রান করা লিন্ডল সিমন্স। তৃতীয় ওভারের প্রথম বলে ফেরেন নারাইনও।
দীনেশ রামদিন (২৪ বলে ২১), কলিন মুনরো (১৮ বলে ১৬) বিপদ মুক্ত করার চেষ্টা করলেও রান রেটের সাথে তাল মেলাতে পারেননি। এরপর আট বলে দুই রান করে বিপদ আরো বাড়ান ড্যারেন ব্রাভো।
অধিনায়ক কাইরেন পোলার্ড ও সেকুগে প্রসন্ন চেষ্টা করেছিলেন। পোলার্ড ১৬ বলে ২৩ ও প্রসন্ন ৩৭ বলে ৫১ রান করেন। কিন্তু, তারা আউট হয়ে যাওয়ার পরই লড়াই থেকে ছিটকে যায় দলটি।
সাকিব দুই ওভার বোলিং করে ২৭ রান গুনেছেন। দুটি করে উইকেট নেন হ্যারি গার্নি, হেইডেন ওয়ালশ, অ্যাশলে নার্স ও রেয়মন রেইফার।
আগামীকাল অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সাকিবদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
